ক বি শা ন্তা সা হা
শান্তা সাহা
জন্ম:- ২১ মার্চ।কোচবিহার জেলার তুফানগঞ্জে ৷ স্কুল জীবন শেষে কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ, তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিষয়-দর্শন সঙ্গে বাংলা সাহিত্য৷ শখ:- লেখা, কবিতা পাঠ, গান ও ভ্রমণ ৷ প্রথম কাব্যগ্রন্থ:- "পদ্য গদ্য "। লেখালেখিতে আসা বেশ কিছুদিন হয়েছে। মূলত কবিতা লেখাতেই আগ্রহী ৷মনবিতান ,শুধু কবিতার জন্য,খোয়াবের নৌকো, অন্তহীন ,অরুণ আলোয় শিশু পত্রিকা এবং জ্বলদর্চিতেও প্রকাশিত হয়েছে অনেক কবিতা৷
দুটি কবিতায়
কবি শান্তা সাহা
অন্য স্বাধীনতা
স্বাধীনতা আমার কালি আর কলম কবিতার অদম্য নেশা,
স্বাধীনতা আমার ডায়েরীর পাতা অপ্রতিরোধ্য রক্তে মেশা!
স্বাধীনতার আমার বেসুরো কন্ঠে গীতবিতানের কলি,
স্বাধীনতা আমার সঞ্চিত সঞ্চিতা যখনই যেমন বলি !
স্বাধীনতা আমার লাল ডুরে তাঁত শান্তিপুর বা ধনেখালি ,
স্বাধীনতা আমার চোখের কাজল কারো বা চোখের বালি!
স্বাধীনতা আমার চায়েতে চুমুক বিকেলের ব্যালকনি,
স্বাধীনতা আমার রাতের স্বপ্ন আধাঁরের কানাকানি !
স্বাধীনতা আমার বিস্মৃত শৈশব ঘুড়ি,মাঞ্জা,লাটাই,
স্বাধীনতা আজ চশমার ভাজে যেভাবে জীবনকে সাজাই!
তুমি
আলোর থেকে মুখ ঘুরিও না তুমি,
অন্ধকারে আমার অবয়ব খুঁজো না কোথাও ..
তোমায় ঘিরে খেলা করে একরাশ আলোর উত্তেজনা !
তোমার চোখের তারায় ,পরিপাটি পাঞ্জাবী বেয়ে নেমে আসে এক উজ্জ্বল ঘ্রাণ !
নতুন একদল প্রজাপতি ধার করে সেই উজ্জ্বলতা ...
একাদশী চাঁদের চরাচর ব্যাপী বিমর্ষতায় বসে থাকি আমি, একা...অপেক্ষার ক্লান্ত চাহনিতে ....
ঐ আলোর ভিড় ঠেলে তুমি পৌঁছবে না কোনদিন আমার অন্ধকার একাকীত্বে !
হতাশার ক্লান্ত হুতাশে এখানে ঘুরে বেড়ায় দীর্ঘ একঘেয়েমি ...
তুমি শিখর, আমি শিশির ,
তুমি প্রখর, আমি প্রচ্ছন্ন
তুমি ছুঁয়ে যাও ,
আমি নুয়ে যাই
তুমি রৌদ্র, আমি বেদনা
তুমি প্রেম ,আমি যাতনা!!


Comments
Post a Comment