ক বি নি ল য় র ফি ক
নিলয় রফিক
জন্মঃ- ৬ আগস্ট ১৯৮৩,
মহেশখালীর,কক্সবাজার।
প্রকাশিত কাব্যগ্রন্থঃ-
বিশুদ্ধ বিষাদে ভাসি আমি রাজহাঁস-২০১৪,পিপাসার পরমায়ু-২০১৬, নোনামানুষের মুখ-২০১৭, অজ্ঞাত আগুন-২০১৯,আঁখিআঁকা আদিনাথ-২০২১।
দুটি কবিতায়
কবি নিলয় রফিক
শ্যাওলার মিছিল
বাতাসে উড়ছে পাতা!গন্ধহীন খোলা জানালায়
বেকুব লাঠিম ঘুরে জাদুকর সুখের মাতাল
সৃজনে ফসলে বীজ অবিকল তরল খোলস
অন্ধফকির উচ্ছ্বাস মাকালের পেছনে জোয়াল।
মননে-শিল্পের চাষে ব্যর্থঘোড়া দিগন্তে প্রলাপ
বিশুদ্ধ সৃষ্টির দীপে মেঘলিপির রূপের বাহার!
সুন্দর আগুনে পুড়ে,অঝোর কান্নায় বুক ভাসে
মিথ্যাচার ফেলা তোলে প্রকৃতির বিষের নজর।
কবিতাপাড়ায় হৈচৈ,পারাপারে কী লিখে দেয়ালে
অলস ঘামেনা দেহ নতুনত্বে পুরানো শরীর
আগাছার উপদ্রবে শ্যাওলার মিছিলে সারথি
নিভৃতে গুহায়জপি অনবদ্য নতুন শহর।
মাকালের ছলনা
মাটির পুড়া শরীর বিছানায় বিষাদে সরোদ
জললিপি ভাগ্যঘাটে নিশাচর পাখির মতন
স্বাদ নেই মুখে টক!মুঠোফোনে শব্দের শূন্যাতা
স্বার্থের পাঁজর খোঁজে,অসময়ে অন্ধের দেয়াল।
জ্বরবিকেলে উঠোনে ঘুমবৃক্ষের গুপ্ত-রূপ
চমকে ওঠি হৃদয়ে পাতাশিরা বিষের তাণ্ডব
নদীতে আগুনঢেউ,পুড়ছে ঝাউবন
চৌরঙ্গী সড়কের মোড়ে পরজীবী তুমুল আলাপ
বয়সের ভারে মাতাল কথার সৌন্দর্য রৌদ্র খরা
বৈশাখে বাতাসে মাকালের ছলনা দেখে
দূরে,অরণ্যে আকাশে।


Comments
Post a Comment