ক বি অ রু নাং শু ভ ট্টা চা র্য
অরুনাংশু ভট্টাচার্য
জন্ম:- ২২ মার্চ ১৯৬২, হুগলি।লেখালেখির শুরু প্রধানত আশির দশকের শেষদিক থেকে। কাব্যগ্রন্থ:-কৃষ্ণকথা, ফুল শাসনসংক্রান্ত, সেনরের প্রতি ট্রিওলেটগুচ্ছ, হিম : জীবনানন্দের প্রতি কবিতাসংগ্রহ, গতিবিধিসন্দেহজনক পেশা- সাংবাদিকতা,অধ্যাপনা।
দুটি কবিতায়ইহজন্ম
১
অধিকন্তু পরিশ্রান্ত, দক্ষিণে বিবিধ সারিগান
তন্মধ্যে ক্ষণিক চিন্তা,সবটা মাটি হয়ে গেল না তো!
যদিও কৌশলমাত্র, আপাত-তমসা বলে ভাবি
বিবেক-দংশিত চিত্ত, সবকিছু এত ছত্রখান
কোথায় গার্হস্থ্যভূমি, দাঁতনখ খরতর জিভ
সায়ংকালে রক্তপাত, এ- ঘটনা নিত্যদিন ঘটে
কেবলই ঘটতে থাকে, যেন সেই শীতের কামড়
মহিমায় উদ্ভাসিত— এই গল্প, এহেন নসিব...
২
যতখানি আজ্ঞাধীন, যতদূর এই দৃষ্টিপাত
তারপর যদি তুমি বিক্রি-টিক্রি হয়ে গেলে, শেষে
ভূগোলে বিম্বিত চিত্র, পরাজ্ঞানী বায়সের মতো
ফিরে আসতে দ্বিধা হয়, একাকী ভাগ্যের মতো হাত
তারপরও মনে হয় চলে যাওয়া ততটা স্বাধীন
নয়, কিন্তু শেষ কথা বলা হয়ে গেল, তাই বুঝি
নিভৃত শতাব্দীর গন্ধ অঙ্গুলীপ্রমাণ মূলাধারে
সাধ্য সাধনের গীত ফিকে হয়ে যাচ্ছে দিন দিন


Comments
Post a Comment