ক বি অ মি ত কা শ্য প
জন্ম: ৬ আগষ্ট,১৯৫৫ ।
সাংবাদিক ( অবসরপ্রাপ্ত )।
কাব্যগ্রন্থ:-২৩।পুরস্কার:-
অনাময় দত্ত নামাঙ্কিত পুরস্কার, শ্রীশ্রী ভক্তিবিনোদ স্মৃতি পুরস্কার, অমূল্যচন্দ্র দেবনাথ স্মৃতি পুরস্কার, পারানি পুরস্কার, আরাত্রিক সাহিত্য সম্মান, চোখ সম্মাননা, মিলনবীথি স্মারক পুরস্কার, মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি সম্মান, ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার, সুবোধ কুমার রায় স্মৃতি পুরস্কার এবং আরো অনেক।
দুটি কবিতায়
কবি অমিত কাশ্যপ
রিংটোন
ছোটবেলার যেটা ফিরোজ শা কোটলা ছিল আমাদের
আজ তার মাটি খোঁড়া হচ্ছে, প্রচুর মাটি
একটু একটু নিয়ে যাচ্ছে কেউ
গাছে দেবে, ব্যালকনির
গোলাপ আমার প্রিয়, শুনে মোনালিসা হেসেছিল
রহস্যময়ী মোনালিসার হাসি, কখন যেন হারিয়ে গেল
গোলাপ আমার প্রিয়, আর বলতে পারিনি
বারোতম বিবাহবার্ষিকীতে চামেলী এনেছিল
গোলাপগুলোর দিকে তাকিয়ে ভাবলাম, কালই হারিয়ে যাবে
আমাদের প্রিয় মাঠটি যেমন হারিয়ে গেল
মাটি জল কাদায় মজদুরগুলো ভিজে আছে
তদারকির কেউ নেই, ক্লাবের ছেলেরা ঘুরে যায়
স্কুলব্যাচের কেউ নেই, সুব্রত ছিল, এখন একদমই নেই
হারানো রোগটি বড় ছোঁয়াছে, কিছু দূরে
রিংটোন ভেসে এল, অমিতাভর গলা
অমিত
লণ্ডভণ্ড বিছানায় শুতে ভালো লাগে বলতে শুক্লা হেসেছিল
বলেছিল, ভাঁজে ভাঁজে স্বপ্নগুলো জড়িয়ে থাকে বুঝি
হেসেছিলাম দুজনে, মেঘমেখে চাঁদ যেমন হাসে
ব্যাচেলারের এক জ্বালা, বিয়ের পর
শকুন্তলা ফিক করে হাসে, অফিস ফিরে
কোনো এক গল্প ছড়িয়ে দিয়ে মজা নিই
সান্ধআড্ডার বন্ধুরা বলে, আর কদিন, করে নে
ফুল বাসি হতে যেটুকু সময়
পুজোয় স্টেট থেকে রিয়া আসছে একলা
কীভাবে কথাটা পাড়ব ভাবতে গলা শুকোয়
দু'ঘরের ফ্ল্যাটে লণ্ডভণ্ড বিছানার কথা ভাবি
স্বপ্নগুলো কেমন হয়ে পড়ে থাকে, ভাঁজে ভাঁজে
ছিঁড়ে যায়, বিকেল যেমন ঘাটে ভাঙে
এখন আশ্বিনের সকাল মেঘমুক্ত, মন ভালো হয়


Comments
Post a Comment