ক বি অ দী প ঘো ষ


অদীপ ঘোষ

জন্ম:-৩১ জানুয়ারি,১৯৬০। কলকাতা ।শিক্ষা-এম,এ। পি,এইচ,ডি।কলকাতা বিশ্ববিদ্যালয়;পেশা – অধ্যাপনা। কাব্যগ্রন্থ - চোদ্দটি কবিতা,প্রতিবাদী এবং অন্যান্য কবিতা অগ্নিগ্রস্ত অস্তিত্বের আর্তনাদ,কুয়াশা ঘেরা রাস্তার শব্দ,আদিম ভবিষ্যৎ,স্বপ্নসুন্দরের জগৎ যাত্রা,জলকণাদের  দিনকথা , আলোকিত ঘুমঘর ,আস্তানার তেরোমাস্যা ,অলৌকিক  চুম্বকের টান,প্রিয় পঁচিশ,রক্তক্ষরণের শব্দলিপি,স্বরবর্ণ জলে পড়ে গেছে, রিংটোন ইত্যাদি।

প্রবন্ধ- বাংলা কাব্য-কবিতায় লোকঐতিহ্যের প্রভাব,গদ্য সংগ্রহ ১ (প্রকাশিতব্য) । এছাড়া পত্রিকা সম্পাদনা (শ্রাবস্তী,লিটল ল্যাগাজিন কথা ইত্যাদি) ও একাধিক গ্রন্থ সম্পাদনা (প্রেমের কবিতা,অণু কবিতা,সাহিত্যে যৌনতা ইত্যাদি)।


দুটি কবিতায়

কবি অদীপ ঘোষ


মাতলামি


পূর্ণিমার মস্ত চাঁদ ঘন মেঘে ঢেকে গেলে

বিদগ্ধ পাগলগুলো দল বেঁধে ব্রিগেড মাতায়

ফলত চৌরঙ্গি রোড জঘন্য ট্রাফিক জ্যামে

এবং অশ্লীল ঘামে প্রায় নারকীয়

যদিও স্বর্গের কাছে দায়বদ্ধ থেকে কেউ নরকের

নিয়ম ভাঙে না

চারদিকে ভাঙাচোরা অসন্তোষ ইতস্তত ছড়িয়ে পড়ছে

মুমূর্ষু রোগীকে নিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্সই একটানা

উদ্বেগ জানায়


একটা লোকের মৃত্যু অনায়াসে হেরে যায়

অতিকায় মুক্তির নাটকে

যে নাটক দর্শকের নয় তারই অভিনেতা হতে

আকুল পাব্লিক

মাথার ওপরে চাঁদ থাকুক বা না থাকুক জেগে

থাকে ব্রিগেডের ভিড়


সামুদ্রিক ঘুম

সমুদ্রের মাঝখানে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি

সেই ঘুম যার কোনো বিকল্পই নেই

হাওয়ারা যে কতবার তাকে এক শূন্যদেশে

নিয়ে যেতে চেয়েছিল 

তার ঠিক সংখ্যাটা একমাত্র ঢেউগুলো জানে


ঘুমের ভেতরে বসে দুচোখে মেখেছি

কত নীল রূপকথা  

যার কোনো মুদ্রিত সংস্করণ নেই

আসলে এ জলদেশ থেকে লোকালয়ে

কেউই ফেরে না

জলের ভেতরে থেকে জল হয়ে কোন ফাঁকে

মেঘের আত্মীয় হয়ে যায়


Comments

Popular posts from this blog

ক বি বি জ য় সিং হ

ক বি নি ল য় র ফি ক