ক বি র বী ন্দ্র সিং হ রা য়


রবীন্দ্র সিংহ রায়

জন্ম:- অবিভক্ত মেদিনীপুর জেলার মেচেদার নিকটবর্তী 'আকন্দি' গ্ৰামে। বলিষ্ঠ এই তরুণ কবির কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। কবিতার পাশাপাশি লেখেন গল্প ও ছড়া। ভালোবাসেন গান, ভ্রমণ ও নাটক। ক্লাব থিয়েটারে অভিনয় করেছেন প্রায় এক ডজন নাটকে। তবে কবিতাই এই কবির পরম আশ্রয়, সাধনা, পারাপার।সম্পাদিত সাহিত্য পত্রিকা 'ঋতুপাঠ'। প্রাপ্তির ঝুলিতে রয়েছে অনন‍্যে অভিধা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে দেওয়া 'ঋষি বঙ্কিম স্মারক সম্মান' (২০১৬)। তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটি প্রদত্ত 'কবি সম্মান - ২০১৫'। সংবাদ সৃজনীর পক্ষ থেকে

'সৃজনী সম্মাননা' (২০১৭)। স্বভাবে আন্তরিক,চুপচাপ, কম কথার এই কবি মানুষটির যাত্রাপথ গহন নির্জনতার দিকে ।

দুটি কবিতায়

কবি রবীন্দ্র সিংহ রায়

নৈশ ও ধূলিজন্মের ফুল


গাঢ় নৈশ আয়ুর ভিতর মায়া ভেজা নীলাভ

বেডরুম। দেওয়ালের কোণে

বৃক্ষ বাতিদান, তাতে ফলেছে নিবিড় নগ্ন

মৃদু আগুনের ফুল।

                         হাওয়ায় সিন্ধু রমণীর গন্ধ ...

আজ ঘুমাব না সারা রাত।

দেখব রাতপ্রাচীরের জীবন, ভৌমের পাঁজর

আর বলয় ভাঙা মানুষের নির্বাণ।

                               প্রহরের পর্দায় ব্রেকিং

নিউজ্ ―অক্ষরসন্ধিপুরে জাত কবিতা জাতিস্মর।


ঈশ্বরের উদ‍্যানে ফুটেছে ধূলিজন্মের ফুল।

             


মুহূর্ত  


স্নিগ্ধ

নরম বৃষ্টিজল ...

স্নান করছে শাল গাছের

কচিপাতা,

যেন নতুন বউয়ের স্নান,

যেন অপূর্ব এক উৎসব ...

                   ভেজা লাল

মাটির ভিতর কী এক স্ফুরণ ...

বুকে মায়াটান ― থৈ থৈ

কাঁসাই নদীর জল।

দূরে ধেড়ুয়া ব্রীজ ― সন্ধ‍্যারং ...


করুণা পিসিমাকে মনে পড়ছে খুব।

Comments

  1. দুটো লেখা ভালো। তবে, দ্বিতীয় টি ছুঁয়ে গেল বেশী। ভালো থাকুন। 🌷💜

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ক বি বি জ য় সিং হ

কি ছু ব লা ক থা