ক বি মি হি র স র কা র
মিহির সরকার
আমার বাবা শ্রী গোপীনাথ সরকার ছিলেন রেলের সামান্য কর্মচারী । মাতা গৌরীদেবী রবীন্দ্রসাহিত্যের অনুরাগী পাঠক ছিলেন।আমি ছিলাম ব্যাংকের কর্মচারী। এখন অবসর নিয়েছি। কবিতার বই:-১১ টি কবিতার বই।গল্পের বই
চার খানা, কিশোর সাহিত্য, তিনটি গল্পের বই।
সম্পাদনা 'সহজ' একটি লিটল ম্যাগাজিন।
দুটি কবিতায়
কবি মিহির সরকার
ছবি আঁকে
মেয়েটির বয়স বেশি নয়
দেখুন এই বয়সেই কী সুন্দর ছবি আঁকে। একটা
দমবন্ধ বাড়ির ছবি এঁকেছে, দেখার মতো।
খেয়াল করুন সব ঘরের দরজা জানালা খোলা।
মেয়েটির বয়সের চাইতে অনেক বেশি বয়সের
মেয়েদের ছবি কী নিখঁত তুলির টানে এঁকেছে
সবার মুখে হাসি। সবার ত্বক আকর্ষনীয়।কিন্তু
মজার ব্যাপার দেখেছেন,মেয়েদের সব ছবিতে
মনের আগুন আর আহত মন দপদপ করছে।
মেয়েটির বয়স সত্যি বেশি নয়
গ্রামের ছবি এঁকেছে দেখার মতো
গাছপালা, মানুষ, কুকুর-বেড়াল, পাখি
সবার কথা আছে ছবিতে নিখুঁত ভাবে
কিন্তু গোটা গ্রামের ছবিতে আনন্দ নেই। কেন?
আগুন জ্বলছে নিভবে কবে
কেউ কোথাও আগুন জ্বালেনি
অথচ সবাই বলছে, আগুনের কথা।
কেউ কেউ নাকি দেখতে পেয়েছে
কারা আগুন জ্বেলেছে আড়াল থেকে
নাম জানতে চাইলে বলছে, আমি নয় রাম বলবে
রামকে ধরলে বলছে, আমি নয় রহমান বলবে।
কয়েক জন দার্শনিক বললেন, এ আগুন
বহুকাল আগে গান্ধীজী জ্বেলেছেন। কখনও
নিভে যায়, আবার কখনও দাউ দাউ করে জ্বলে।
একদল ইতিহাসবিদ বললেন, গান্ধীজী নয়
এ আগুন জ্বালিয়েছেন কার্ল মার্ক্স আর লেনিন।
বিবাদ- বিতর্ক হেঁটে চলেছে বছরের পর বছর
আগুন জ্বলছে, আগুন জ্বলছে
কখনও চিনের দিকে কখনও রাশিয়ার দিকে
কখনও সাম্রাজ্যবাদী আমেরিকার দিকে।
আগুন নেভবে কবে কেউ কি বলতে পারছে?
চিতার আগুন সহজে নেভে না। কেন নেভে না?


Comments
Post a Comment