ক বি অ সি কা র র হ মা ন
অসিকার রহমান
ভারতের পশ্চিম বাংলার বীরভূম জেলার নানুর এলাকার দিঘির পাড়া গ্রামে ।গড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পাঠ শেষ করে খুজুটিপাড়া রাধা গোবিন্দ জিউ হাই স্কুল থেকে এইচ এস পাশ করেন। পরে খুজুটিপাড়া চণ্ডীদাস কলেজ থেকে বি এ উত্তীর্ণ হয়ে বিশ্বভারতীর শ্রীনিকেতন শিক্ষা চর্চা থেকে জে বি টি করেন। পেশা শিক্ষকতা।আনন্দবাজার পত্রিকা, দেশ, আজকাল, কবিসম্মেলন, নতুন গতি, দিনদর্পণ, কলেজ স্ট্রিট সহ সুইডেনের উত্তর দেশে সহ কয়েক'শ মুদ্রিত পত্রিকায় লেখেন ।এছাড়াও বহু ই /ওয়েব পত্রিকাতেও লিখছেন।এ পর্যন্ত চৌদ্দটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যেমন —স্বর্ণ-বিতরণ( ১৯৮৯ খৃঃ), ভিতরে স্বয়ংবর (১৯৯২), বারুদ-বাসর (১৯৯৬ খৃঃ) , প্রেমের কবিতা (১৯৯৭),রমণী-বিদ্ধ (২০০৬), তুলির দাঙ্গা (২০০৭),ইরণ হাওয়া (২০০৮),নির্বাচিত কবিতা (২০০৯),সেই লোকটা (২০১৮), সহর্ষ মরণ (২০১৮) মৌনী শূন্যতায় (২০১৯) হরিণী খুরের আগুন (২০২০) রাত জ্যোৎস্নার খেলা (২০২০খৃষ্টাব্দ,) হ্রাসিমার চিহ্ন (২০২১) ।
দীর্ঘদিন উন্মোচন সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন ।পত্রিকাটি কলকাতার নতুন গতি লিটল ম্যাগাজিন পুরস্কার ২০১১ লাভ করে। অসিকার রহমান পেয়েছেন শতাধিক সংবর্ধনা, পুরষ্কার ও কবি-স্বীকৃতি স্মারক ।
দুটি কবিতায়
কবি অসিকার রহমান
কোমল স্বপ্নের উৎসব
আমি ভুলে গেছি হাসি ভুলে গেছি কান্না
গান গেয়েছি বলে রেখেছিলো অন্তরালে
তৃষ্ণার জল চেয়েছি বলে
আমার মুখে ছড়িয়ে দিয়েছিলো পেচ্ছাব
সেই থেকে কান্না ভুলেছি আমি —
স্বপ্ন দেখতে চেয়েছিলাম বলে
চুরি করেছে আমার সমস্ত স্বপ্ন
শিকড় সুদ্ধু উপড়ে শুকোতে দিয়েছে রোদে
হে নিঃস্ব বন্ধু আমার তোমাদের সন্দীপনে
ভেঙে পড়েছে সমস্ত আড়াল —
দুর্বার সূর্যালোকে নীল দিগন্ত সম্পূরিত
পাথর ভেদ করে স্বপ্নেরা পাহাড় থেকে নামছে
আমার হাসিতে এখন হাসছে রোদ্দুর
উপত্যকা জুড়ে শুরু কোমল স্বপ্নের উৎসব...
সময়ের প্রান্তরেখায়
সময়ের হাত ধরে এসেছি
সময়ের হাত ধরেই চলে যেতে চাই
কিন্তু সময় আটকে দিলো পথ,
সময়ের চাকা স্থির স্থিতিশীল...
এখন নাকি আমার বড়ই দুঃসময়, যেতে নেই
কিন্তু এই অসময়ে হাসি মুখে চলে যাওয়াই তো যাওয়া,
আগুনের বীভৎস দহনে তো এতদিন ছিলাম
তবু হেসে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
আমি জানি এখন আর কোনো পরীক্ষাতে
পাশ করতে পারবো না —
সহজ প্রশ্নের উত্তর উইকিপিডিয়াতেও নেই
মন ভাঙার সর্বাধিনায়ক হবো না আমি।
মহাকালের চাকা গড়িয়ে চলুক
সময় তুমি পথ ছাড়ো
হাসিমুখে চলে যাব তোমার প্রান্তরেখায়...
____________________________________


Comments
Post a Comment