ক বি অ মি ত চ ক্র ব র্তী
অমিত চক্রবর্তী
পশ্চিমবঙ্গের কলকাতা নিবাসী।মূল জীবিকাসূত্রে পশ্চিমবঙ্গের রাজ্যসরকারের পদস্থ কর্মী। সাদাপাতা, নিরক্ষর, মৃত্তিকাবৃত্তান্ত, অবৈধ বৃষ্টি বৈধ প্রলাপ/ Forbidden Rain Just Delirium [দ্বিভাষিক], রাত দশটার আলাপচারিতা, এই নিঃসীম জাড় এই শাদা অন্ধকার, চরিত্রের ভিতর ঢুকতে ঢুকতে, এত যে জড়ানো চুরমার, কবিতাসংগ্রহ ১ -- এইরকম আঠারোটি কাব্যগ্রন্থ এবং দুটি অনুবাদ কাব্যগ্রন্থের লেখক। এ ছাড়াও পত্রিকা সম্পাদক, আবৃত্তিকার এবং অভিনেতা হিসেবে সুপরিচিত। নানা পত্রিকা এবং গ্রন্থের প্রচ্ছদ, সংস্থা ও নাটকের লোগো তৈরি করেছেন। লিখেছেন রূপসী বাংলার কবিতাকেন্দ্রিক জনপ্রিয় অনুষ্ঠান 'কাব্যমহল' এবং ইন্টারনেট অনুষ্ঠানমালা 'পেখম রেডিও'র শীর্ষ সঙ্গীত। এ ছাড়াও গান লিখেছেন বিভিন্ন শিল্পীর জন্য।পেয়েছেন রেশমঝাঁপি পুরস্কার, কবিতাবন্ধু পুরস্কার, আকাশলীনা স্মৃতি পুরস্কার এবং দুই বাংলা থেকে প্রাপ্ত অন্যান্য নানা সম্মাননা। যদিও অমিত নিজেকে মনে করেন একজন সাধারণ অক্ষর ও উচ্চারণ কর্মী।
দুটি কবিতায়
কবি অমিত চক্রবর্তী
আঘাটায়
আঘাটায় যে নৌকো বেঁধে রেখে আসা
তার পাটাতন ক্ষয়ে যাচ্ছে
স্মৃতির রোদবৃষ্টি ভুলতে ভুলতে।
জলের কল্লোল নেই আর।
শুধু অন্ধকারে কিছু জোনাকির
শেষ সাক্ষাৎকার।
একটু কি হাওয়া দিল ঝাউবনে!
অর্ধেক জীবন মুছে দিতে চাইল
কী অয়নান্ত বোধি!
মহাভারত লেখা যে শেষ হয়নি এখনও
সে কথা জানো বলেই
যজ্ঞের আগুনে তুমি অশ্রু সেঁকে নাও।
আর আমি করতলে অবসন্নতা জমিয়ে
নৌকোয় ফেরার চেষ্টায় ব্যর্থ হই বারবার
যোজনগন্ধা।
নিদ্রাজব্দ
ঘুমের ডানদিকে তোমার ভাঙা মুখ
ঘুমের বাঁদিকে ছিন্ন দেহভাগ
ঘুমের সামনেই নিত্য ওঠবোস
ঘুমের পিছনেই শিকলশব্দ।
আমরা এভাবেই ঘুমিয়ে দিব্য
আমরা এভাবেই নিদ্রাজব্দ।
আমরা এ ভাবেই কত শতাব্দ!


Comments
Post a Comment