ক বি স ম রে শ ম ন্ড ল


সমরেশ মন্ডল
 

জন্ম:- ৩ এপ্রিল,১৯৫৪। কোল ইন্ডিয়ার অবসর প্রাপ্ত আধিকারিক। আঠারোটি কবিতার বই দুটি ছড়ার বই, দুটি বই গল্পের,একটি দীর্ঘ উপন্যাসের জনক। খুচরোখানি নামের গদ্যের ব‌ইও আছে ।দেশ, আনন্দবাজার পত্রিকা, যুগান্তর, বর্তমান দৈনিক ও সাপ্তাহিক , নবকল্লোল, অনুষ্টুপ, পরিচয় প্রভৃতি পত্রিকায় বিভিন্ন সময়ে গল্প কবিতা ছড়া লিখেছেন। নানা সময়ে বিভিন্ন পত্রিকা সম্পাদনা করলেও আজো 'সোনালি দুঃখ' পত্রিকা প্রকাশ করে চলেছেন,যার শুরু হয়েছিল কবিবন্ধু সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রত্যক্ষ প্রতিষ্ঠা ও সম্পাদনার মধ্য দিয়ে; বন্ধুর মৃত্যুর পরও থেমে যায়নি।


দুটি কবিতায়

কবি সমরেশ মন্ডল


দিনের গা থেকে মুহূর্ত


কী সুন্দর নড়ে উঠলো সকালটা

বৃষ্টি নেই অথচ বৃষ্টির আবহ

নীরবতা ঝরে পড়ছে কোলে

বালিশের পাশে।


এখনই না উঠলেও চলে অথচ 

উঠতেই গা-ঝাড়া দিয়ে উঠল 

সমগ্র পৃথিবী।


ভুলে যাওয়া যায় এ সময় 

সব অপমান সব অবিশ্বাস 

এক জীবনের সব সন্তপ্ত বৃক্ষতল 

কঠোর নীরবতার ভিতরে যেখানে 

টুপটাপ পাতা খসার শব্দ 

ভুলে যাওয়া যায় অথচ ভুলিনি 


কেবল হেসে খেলে চলে যাচ্ছে 

দিনটি নড়ে উঠলো কি 

বারান্দা সহ সমগ্র চেতনায়।


 কতদিন বাইরে যাইনি 

বেড়াতে যাওয়ার আনন্দের চেয়ে 

কষ্টগুলি প্রকট হয় আগেই 

মন থেকে সেই সব মুহূর্তগুলো 

এই মুহূর্তে ঝরে পড়ছে  

যেমন করে দিনের গা থেকে 

মুহূর্তগুলি খসতে খসতে


আস্ত দিনের দিকে এগিয়ে যাচ্ছে।


একবার তো প্রথম আসতেই হয়


বারান্দা থেকে গান ভেসে আসছিল তারপরেই

হঠাৎ নৃত্যরতা মেয়েটি আছড়ে পড়লো ধবধবে

ফর্সা ফরাসে, চঞ্চল হয়ে উঠলো হারমোনিয়াম,

তবচি এবং সারেঙ্গিবাদকের হাত।


গাইতে গাইতেই নাচ চলছে, এক সঙ্গী বলে উঠলো:

'তোর তো এই প্রথম পদার্পণ' 

'সবাইকে তো একবার প্রথম আসতেই হয়!'


থমকে গেল সবাই!আমার কথাটা কী একটু

অপ্রয়োজনীয় স্মার্ট হয়ে গেছে!

তারপর আর কারো অসুবিধা হয়নি। যারা 

প্রফেশনাল তাদের তো কিছু মনে হয় না 

ফলতঃ নাচের সঙ্গে গান, গানের সঙ্গে উল্লাস 

সব‌ই হয়েছিল,মদ্যপান তো প্রাথমিক শর্ত।


বেশ কেটে গেছিল সেদিন, রাতটা। পাড়ের আলো

পরের ঘরে থেকে দেখা যায় কারা যেন পুকুরের 

শ্যাওলা গন্ধ জলে টুপটুপ করে ডুব দিয়ে দৌড়ে

ঘরে ঢুকে গেল ভিজে কাপড়ে…এ সব ভাবছি 

আর মুজরার গান গাইছে বাইজি জীবিকার


ছদ্ম আনন্দে…


Comments

Popular posts from this blog

ক বি বি জ য় সিং হ

ক বি নি ল য় র ফি ক