ক বি মু হ ম্ম দ ম তি উ ল্লা হ


মুহম্মদ মতিউল্লাহ

জন্ম:- ৯জুলাই, ১৯৬৭।অলোকরঞ্জন দাশগুপ্তের বিশেষ স্নেহধন্য।বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেএম এ, এমফিল, ডক্টরেট।নব্বইয়ের দশকের কবি ও প্রাবন্ধিক।প্রকাশিত কাব্যগ্রন্থ:- অন্নজলে ভালোবাসায়; শোনো জন্মান্ধ যুবক; আপাতত হোস্টেলে আছি; ও পলাশ,ও করবী;ঈশ্বরের পত্রাবলী ঘিরে নম্র ধূসরতা; হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ; নির্বাচিত কবিতা; নৈশপ্রহরীদের খেলাধুলা প্রভৃতি।প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থ নয়টি।সম্পাদনা করেছেন 'বুদ্ধদেব বসুর পত্রগুচ্ছ','অগ্রন্থিত রবীন্দ্র পত্রাবলী।সাহিত্য পুরস্কার:-তুষার চট্টোপাধ্যায় সম্মান,কবিতা পাক্ষিক সম্মাননা,ইসক্রা সাহিত্য সম্মাননা,বার্ণিক সাহিত্য সম্মান ইত্যাদি।ইংরেজি ও নানা ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে তাঁর প্রবন্ধ ও কবিতা।

দুটি কবিতায়

কবি মুহম্মদ মতিউল্লাহ

তোমাদের গ্রাম


একটি জলছবি ভেসে ওঠে তোমাদের গ্রামে,চলমান ছায়াধ্বনি যেন সমগ্র দূরান্তর মেপেজোপে পায়ের পাতায় রাখে,পথে । 

অই যে আকাশের শূন্যতা দূরান্তর নীল পাখিদের ঘরসংসার—ছায়ার আড়ালে পাখিদের কুশল আলাপ, রকমারি 

ভালো থাকাথাকি স্নেহ সম্ভাষণ—

তারি চারিভিতে সংসারী লোকেদের ধানের গোলাবাড়ি স্বচ্ছলতার কথকতা বলে, 

ধান ভানে গীত গায় চাষীদের মেয়ে 

পদ্মপাতা হাতে কী চমৎকার লাল পথে হাঁটে 

বাঁশের ছায়ায় ছায়ায় মাছরাঙা পাড় শাড়ি প'রে পদ্মপাতা নিয়ে যায়।


পাখিরা বুকে রাখে ছানাপাখিদের। গাছেরা জড়িয়ে আছে শিশু গাছেদের।


আষাঢ়ের মেঘ গাছ বেয়ে নেমে আসে তোমাদের গ্রামে, 

তৃণমূল স্পর্শে মাতাল হলে পর কী কলস্বরে বৃষ্টিকন্যার রকমারি দাপাদাপি টালি চাল বেয়ে, খড়ো চাল বেয়ে । আপাতত আষাঢ়েও রোদ জমে আছে পাখিদের সংসারে — মাদার গাছের মাথায় কোন্ পাখি বসে বাতাসি রোদে তোমাদের নিভৃত কথোপকথনের  উড়াল


কি যেন নাম অই দিঘিটির—একটি বিবর্ণ ইতিহাস আছে শোনা গেছে, অশ্বহত্যার, আপাতত নিঃসীম ঘুম চোখে পথচারী বাতাসের মন্ত্র শোনে দুপুরবেলায়। চমৎকার সবুজের কল্লোলে মৃত ইতিহাস ধুয়েমুছে মাথা রাখে বনসৃজনের সমারোহে :


বড়ই নিঃশব্দ তোমাদের গ্রাম। সবুজ গুল্মের স্পর্শহীন বেড়ে ওঠার মত এখানে নৈঃশব্দ খেলা করে একাকী ছায়ার সাথে। 

নিভৃত মালঞ্চে অনুক্ষণ সুরভিত পুষ্প পত্রে ফুল আর পাখিদের মাঝে নৈঃশব্দেও 

জেগে থাকো শ্যামলিমা তোমাদের দুইবোন।


ঘুম


তাদের বলো

ঘুম পরোপকারী বন্ধুর মতো


অতল দিঘি স্তব্ধতা বিশ্রাম …


মিথ্যেবাদী রাখাল আসবেনা আর

গোচারণ ভূমিতে।



Comments

Popular posts from this blog

ক বি বি জ য় সিং হ

ক বি নি ল য় র ফি ক