ক বি উ মা ব ন্দ্যো পা ধ্যা য়
উমা বন্দ্যোপাধ্যায়
জন্ম:-১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে।ইংরেজি কবিতার অনুবাদের শুরু কম বয়স থেকেই।স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক,তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর।১৯৯৬ তে প্রথম বই , কবিতা সংকলন ' হৃদপিণ্ড শব্দ খোলে'।পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন' ছায়াময় ও দু-একটি মানুষ , ' চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন 'জারুলের নিচে সন্ধ্যা ' আর গল্প সংকলন ' রম্যগীতির দিনগুলি '। উমা কিছু অনুবাদের কাজও করেছেন । সাম্প্রতিককালে কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে । সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ ' অক্ষরভূমি মধুপর্ণা'।
দুটি কবিতায়
কবি উমা বন্দ্যোপাধ্যায়
তুমি
কী কৌশলে এই পাথরেও সুগন্ধি ফুল ফোটাও
কী কৌশলে বকুলতলায় বইছে সখী-নদী
কৃষ্ণচূড়ার প্রেমিক রঙে বর্ণমালা রাঙাও
বাঁধ-ভাঙা গান ভাসিয়ে বাঁচাও বাঁধার প্রতিশ্রুতি ।
প্রাজ্ঞ হাসির হাওয়ায় ফেরাও চলতি পথের বাঁক
দাবানলের তাপেও তোমার ঘুম বাঁচিয়ে রাখা
অনর্গল এক রাতের গাড়ির শব্দ সম্মোহনে
সমস্ত পথ লিখছে বুকে সেই পাখিটার পাখা....
নিভৃত দ্বীপ
তুমি এক মুখশ্রী রেখেছো এঁকে
সেই স্তব্ধতায় আমার নিভৃত দ্বীপ
একা জাগে গাছগুলি নিয়ে মগ্নতায়।
শুরুতে চারার চিকনে লাগা বিন্দু যে আলো
সন্তর্পনে কিশোর গাছের পাতা বৃষ্টি ফোঁটা ধরা
শেখে ছায়ায় মায়ায় ,যে ধারালো রৌদ্ররেখা
অন্ধকারে মর্মমূলে জীবন সাজায় তার ঘ্রাণ ,বর্ণ,
ছন্দ, তোমার সৃজিত মুখ জানে, শুধু সেই আমার
নির্জনে ভাঙে গড়ে, সেতু বাঁধে কল্পনায়,সেই শুধু
বসে এসে একা নৌকায়। দ্বীপাঞ্চল কেঁপে ওঠে
দীর্ঘশ্বাসে অজানা হাওয়ায়।তোমার মুখের আড়ালে
এক মুখ প্রতিবিম্ব ভাঙে জলে, মন্থর যাত্রাপথে
সুরগুলি লিখে দেয় নিজস্ব প্রথায়।আমি চিনি,
সেও চেনে তোমাকেই, জন্মচিহ্ন, একান্তে, তবুও
ভাসিয়ে দিয়ে গান গায় । বেহাগের সুর রাখে আমার
সবুজ দ্বীপে প্রাণের আশায় ।


Comments
Post a Comment